অনন্যা দে: ভুটান সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে আলিপুরদুয়ার জেলায় চালু হল নতুন পাঁচটি পুলিশ আউটপোস্ট। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই পাঁচটি পুলিশ আউটপোস্টের উদ্বোধন করা হয়। সীমান্তবর্তী এলাকায় নজরদারি বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
নতুন পাঁচটি পুলিশ আউটপোস্টের মধ্যে রয়েছে মাদারিহাট-বীরপাড়া ব্লকের লঙ্কাপাড়া, কালচিনি ব্লকের ভুটান সীমান্তবর্তী পাশাখা ও চুয়াপাড়া, কুমারগ্রাম ব্লকের সংকোশ এবং শামুকতলা থানা এলাকার হাতিপোতা। এই আউটপোস্টগুলি চালু হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় পুলিশের উপস্থিতি আরও বাড়বে। পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলে যেকোনও অপ্রীতিকর ঘটনা মোকাবিলা এবং দ্রুত পুলিশি পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের আইজি, ডিআইজি, আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার-সহ পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা।
উল্লেখ্য, আগামী ১৮ নভেম্বর আলিপুরদুয়ার সফরে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তার আগে ভুটান সীমান্তবর্তী পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় নতুন পুলিশ আউটপোস্ট চালু হওয়ায় জেলা পুলিশের নিরাপত্তা পরিকাঠামোয় নতুন সংযোজন হল।