পিউ নন্দী, পুরুলিয়া: ভোটার তালিকায় নিজের নামটি আর খুঁজে পাচ্ছেন না। আর সেই নাম বাদ পড়ার পর থেকেই নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পুরুলিয়ার ঝালদা থানার অর্দনা গ্রামের বাসিন্দা বাসন্তী বড়ালকে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার পর তালিকা থেকে তাঁর নাম বাদ পড়েছে বলে অভিযোগ।
বাসন্তী দেবীর দাবি, ভোটার তালিকায় নাম না থাকায় বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁকে। প্রয়োজনীয় পরিষেবা পেতে গিয়ে বারবার প্রশাসনিক জটিলতার সম্মুখীন হচ্ছেন তিনি। তাই যত দ্রুত সম্ভব ভোটার তালিকায় নিজের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছেন বাসন্তীদেবী।
একটি নামের সঙ্গে জড়িয়ে থাকে নাগরিকের পরিচয় ও নানা প্রয়োজনীয় অধিকার। সেই নাম তালিকা থেকে বাদ পড়ায় একজন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কতটা প্রভাব পড়তে পারে, বাসন্তী দেবীর অভিজ্ঞতা যেন সেই ছবিই তুলে ধরছে।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সিপিআইএম নেতা উজ্জ্বল চট্টরাজ। তাঁর বক্তব্য, এভাবে নাম বাদ পড়লে সাধারণ মানুষের মৌলিক অধিকার এবং সরকারি সাহায্য পাওয়ার সুযোগ ব্যাহত হতে পারে।
সব মিলিয়ে বাসন্তীদেবীর এখন একটাই আবেদন, দ্রুত সমস্যার সমাধান হোক, ভোটার তালিকায় ফিরে আসুক তাঁর নাম। প্রশাসনিক জটিলতা কাটিয়ে স্বাভাবিকভাবে সরকারি পরিষেবা পাওয়ার সুযোগ ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।