Wednesday, November 11, 2026
আল্ট্রা লোকাল

নয় বছরের সংসারে সন্দেহের আগুন, পরিণতি ভয়াবহ! স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গাঁইতি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ পুরুলিয়ায়

Published by Newz4 Admin |
পিউ নন্দী Posted by পিউ নন্দী
- November 11, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
পুরুলিয়ার টামনা থানা

পুরুলিয়া: পুরুলিয়ার টামনা থানার বাগদাডি গ্রামে পারিবারিক অশান্তির এক মর্মান্তিক পরিণতি। স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মেরে খুনের অভিযোগ উঠেছে। দাম্পত্য জীবনের ন’বছরের সম্পর্কের পরিণতি যে এমন ভয়াবহ হতে পারে, তা ভাবতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্বামী গণেশ প্রামাণিককে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম অনিতা প্রামাণিক (৩০)। সোমবার গভীর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ, স্ত্রীর সঙ্গে অন্য কোনও পুরুষের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন গণেশ। এই সন্দেহকে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরে দু’জনের মধ্যে অশান্তি চলছিল। সোমবার রাতেও সেই একই বিষয় নিয়ে কথা কাটাকাটি চরমে ওঠে।

অভিযোগ, উত্তেজনার বশে গণেশ একটি গাঁইতি দিয়ে অনিতার গলা ও শরীরের একাধিক জায়গায় পরপর আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় রক্তাক্ত অনিতাকে উদ্ধার করে স্থানীয় চাকলতোড় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর নিহত বধূর পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার গণেশকে গ্রেফতার করে টামনা থানার পুলিশ। বুধবার তাঁকে পুরুলিয়া আদালতে পেশ করা হলে আদালত তাকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার পিছনে থাকা প্রকৃত কারণ এবং খুনের সম্পূর্ণ ঘটনাক্রম জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

অন্যদিকে, এই ঘটনায় সবচেয়ে বেশি অসহায় দম্পতির দুই নাবালক সন্তান। পরিবার সূত্রে খবর, প্রায় ন’বছর আগে বিয়ে হয়েছিল অনিতা ও গণেশের। তাঁদের আট ও ছ’বছরের দু’টি সন্তান রয়েছে। মায়ের মৃত্যু এবং বাবার গ্রেফতারির পর দুই শিশুর ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।

পুরুলিয়া মেডিক্যাল কলেজে অনিতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সন্দেহ, দাম্পত্য কলহ নাকি ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

— বিজ্ঞাপন —
Advertisement