বাঁকুড়া, খাতড়া, মহম্মদ শাহজাহান আনসারী: কলকাতার চোরবাগানে দুর্গাপুজোর মণ্ডপে মর্মান্তিক দুর্ঘটনায় একাধিক মানুষের মৃত্যুর ঘটনার পর পুজোর নিরাপত্তা নিয়ে তৎপর প্রশাসন। রাজ্যের সর্বত্র পুজোমণ্ডপগুলির নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশের পরেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রবিবার খাতড়া বাজারের একের পর এক পুজোমণ্ডপ পরিদর্শন করলেন খাতড়ার এসডিপিও আখতার আলী সহ পুলিশ আধিকারিকেরা। মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি পুজো উদ্যোক্তা ও দর্শনার্থীদের সঙ্গেও কথা বলেন পুলিশ আধিকারিকেরা। বিশেষ করে ভিড় নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি পরিস্থিতিতে উদ্ধারকাজ, চিকিৎসার ব্যবস্থা এবং মহিলা দর্শনার্থীদের নিরাপত্তার দিকে নজর দেওয়া হয়। মণ্ডপগুলির পার্কিং ব্যবস্থা এবং শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল ও পথনিরাপত্তার বিষয়গুলিও খতিয়ে দেখেন তারা।
এসডিপিও আখতার আলী জানান, পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আগেই আলোচনা করা হয়েছে। এ বার সেই ব্যবস্থাগুলি বাস্তবে কতটা কার্যকর রয়েছে, তা খতিয়ে দেখতে বিশেষ দল গঠন করা হয়েছে। সেই দলের সদস্যেরা বিভিন্ন পুজোমণ্ডপ ঘুরে দেখছেন। অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি পরিষেবা, মেডিক্যাল টিম এবং পুলিশি সহায়তা বুথ যথাযথ ভাবে রয়েছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে। পুজো কমিটির সদস্যদের সতর্ক করা হচ্ছে, যাতে কোনও রকম বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশের নির্দেশ মেনে চলতে হবে। পুজো কমিটির স্বেচ্ছাসেবকদেরও পুলিশকে সহযোগিতা করতে বলা হয়েছে।
পুজো উদ্যোক্তারাও জানান, এসডিপিওর নেতৃত্বে পুলিশ বাহিনী এসে মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছে। বিশেষ করে রাতের দিকে দর্শনার্থীদের ভিড় বাড়লে কী ভাবে তা নিয়ন্ত্রণে রাখা হবে, সে বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে।