সুমন সাহা:জয়নগর: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়নগরের গুদামেরহাট রাস্তা থেকে আব্দুল গফফার মাওলানা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল জয়নগর থানার পুলিশ। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে একাধিক আগ্নেয়াস্ত্রের সন্ধান পান তদন্তকারীরা। তাঁর কাছ থেকে মোট তিনটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা তথ্য অনুযায়ী, ধৃতের কাছ থেকে দেশি পদ্ধতিতে তৈরি একটি সিঙ্গেল-শট আগ্নেয়াস্ত্র এবং দু’রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। এছাড়াও একটি ম্যাগাজিন-সহ দেশি সেভেন এমএম আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ওই ম্যাগাজিনে ছিল তিন রাউন্ড কার্তুজ। পাশাপাশি, একটি দেশি লম্বা আগ্নেয়াস্ত্র এবং দু’রাউন্ড ১২ বোর কার্তুজও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
সব মিলিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধৃতের কাছে এই আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে এল, কী উদ্দেশ্যে সেগুলি মজুত রাখা হয়েছিল এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আগ্নেয়াস্ত্রের উৎস এবং এর পিছনে অন্য কোনও যোগসূত্র রয়েছে কি না, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তদন্তের পরেই তা স্পষ্ট হবে।