সাইবার প্রতারণা ও অপরাধ দমনে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘সাইবার প্রহার’ অভিযানে মিলল উল্লেখযোগ্য সাফল্য। গত ১৭ আগস্ট থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে কমিশনারেটের সাইবার থানা এখনও পর্যন্ত ১০টি ভিন্ন মামলায় মোট ১২১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কমিশনারেট এলাকার মধ্যে মূলত নিয়ামতপুর ও দুর্গাপুর এই দুই অঞ্চলকে সাইবার জালিয়াতির প্রধান কেন্দ্র বা ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অপরাধের জাল উপড়ে ফেলতে এই জায়গাগুলিতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর সঙ্গে সঙ্গে লাগাতার তল্লাশি চালানো হচ্ছে।
সাইবার বিভাগের এডিসি রাহুল পাণ্ডে জানান, প্রযুক্তির অপব্যবহার করে প্রতারণায় জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এখনও পর্যন্ত ১০টি পৃথক মামলায় ১২১ জনকে পাকড়াও করা সম্ভব হয়েছে। অনলাইন প্রতারণা সম্পূর্ণ রুখতে আগামী দিনগুলিতে এই অভিযান আরও জোরদার করা হবে বলেও পুলিশ জানিয়েছে।