পশ্চিম মেদিনীপুর: স্বপ্নাদেশের পর মা কালীকে খুঁজতে এক ব্যক্তির কালঘাম ছুটে গিয়েছিল। বহু চেষ্টার পরে দেওয়াল খুঁড়েই মিলেছিল মা কালীর প্রতীক চিহ্ন। পরবর্তী সময়ে চুন সুরকির দেওয়ালে মায়ের মূর্তি তৈরি হয় ঠিকই। কিন্তু বহু প্রাচীন মূর্তি ভগ্ন দশায় পরিণত হওয়া দেওয়াল থেকে আজও মায়ের মূর্তিকে আলাদা করতে পারেনি কেউ। ঐতিহাসিক এই কাহিনী মেদিনীপুর শহরের কাঁথ কালীর পুজো। এবছরও ধুমধাম করে পুজোর প্রস্তুতি শুরু হয়েছে। শহরের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের মানুষ এই পুজোর সঙ্গে যুক্ত থাকেন। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, প্রায় চারশো বছরের পুরোনো এই দেওয়ালে মায়ের মূর্তি ও প্রতীক চিহ্ন রয়েছে। বহু চেষ্টা করেও মন্দিরের সংস্কার ও দেওয়াল থেকে মায়ের মূর্তি সরানো যায়নি। এখনও প্রাচীন রীতি অনুসারে বলি প্রথা মেনে চলা হয়। একইসঙ্গে পুজো হয় তান্ত্রিক মতে। জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এই পুজো দেখতে আসেন।
স্থানীয় বাসিন্দা তথা মন্দির কমিটির সম্পাদক সুমনজিৎ দে বলেন, মা খুবই জাগ্রত। দেওয়ালের উপর খরিস সাপ দেখা গেছে। কিন্তু এই প্রাচীন দেওয়াল থেকে মূর্তি সরানো যায়নি। একসময় এক ব্যক্তি দেওয়াল থেকে মায়ের মূর্তি সরানোর কথা বলেন। কিছু সময় বাদেই সেই। ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন।
প্রসঙ্গত, মেদিনীপুরে প্রাচীন পুজো গুলির মধ্যে অন্যতম কাঁথ কালীর পুজো। বহু বছরের পুজো হলেও জৌলুস হারায়নি। জনশ্রুতি , দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের নুনগোলা এলাকার বাসিন্দা ছিলেন নন্দগোপাল মুখোপাধ্যায়। তাঁর বেশ নামডাক ছিল। একসময় তাঁর সন্তান অসুস্থ হয়ে পড়েন। দুশ্চিন্তায় পড়ে যান মুখোপাধ্যায় পরিবার। সেই সময় নন্দগোপাল মুখোপাধ্যায় দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন। তাঁর স্বপ্নে এসে স্বয়ং দক্ষিনা কালী মা দেখা দেন। স্বপ্নাদেশে তিনি জানতে পারেন, অবিভক্ত মেদিনীপুরের মীর বাজারে দক্ষিণাকালী রয়েছেন। তিনি আর সময় নষ্ট করেননি। তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়েন। এরপর সটান পৌঁছে যান মীরবাজার এলাকায়। সেখানে পৌঁছে তিনি লক্ষ্য করেন বট গাছের নিচে কয়েক জন তান্ত্রিক বসে সাধনা করছেন। আর সেখানেই রয়েছে এক ভগ্ন প্রায় দেওয়াল। সেই দেওয়াল দেখে তাঁর মনে সন্দেহ জাগে। এরপর দেবীর দর্শন পাওয়ার আশায় সেখানেই দেওয়াল খোঁড়া শুরু করেন তিনি। অবশেষে দেওয়াল খুঁড়তে খুঁড়তে দেবীর স্বস্তিক চিহ্ন, দেবীর খড়া দেখা যায়। এছাড়া দেখা যায় শিবের পায়ের চিহ্নও। এরপর আর সময় নষ্ট করেননি নন্দগোপাল বাবু। সেখানেই মন্দির তৈরির উদ্যোগ নেন তিনি। পরবর্তী সময়ে দেওয়ালে তৈরি হয় মা কালীর মূর্তি। তবে বর্তমান সময়ে এই মায়ের মন্দিরের ভেতর ঠিক থাকলেও বাইরের অংশ প্রায় ভগ্নপ্রায়। সংস্কার করার ইচ্ছে থাকলেও সংস্কার করার জন্য মায়ের কোনও আদেশ পাওয়া যায়নি বলেই সংস্কার করা যায়নি জানান মন্দির কমিটির অন্যতম সদস্য।
মন্দির কমিটির তরফে জানানো হয় কালী পূজার দিন জাঁকজমক করে তন্ত্র মতে পুজো হয়, ভিড় থাকে বহু পুণ্যার্থীদের। এছাড়াও প্রায় দেড় থেকে দুই হাজার মানুষ ভিড় জমান মায়ের ভোগ খাওয়ার। প্রতি অমাবস্যাতেই এই মায়ের মন্দিরে ভিড় থাকে চোখে পড়ার মতো।