পিউ নন্দী, পুরুলিয়া: জন্মদিন মানেই কেক কাটা, উৎসব আর শুভেচ্ছার আদানপ্রদান। তবে সেই চেনা উদযাপনের পথ থেকে একটু আলাদা হাঁটলেন জয়পুরের বিধায়ক বিশ্বজিৎ মাহাতো। নিজের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে আনন্দ-উৎসবের বদলে বেছে নিলেন মানবসেবার পথ। জন্মদিন উপলক্ষে দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাংকে রক্তদান করলেন তিনি।
জানা গিয়েছে, এটি তাঁর একদিনের উদ্যোগ নয়। প্রতি বছর নিজের জন্মদিনে রক্তদান করে থাকেন বিধায়ক। তাঁর কথায়, জন্মদিনের আনন্দ যদি কারও জীবন বাঁচানোর কাজে লাগে, তার চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। সেই ভাবনা থেকেই প্রতিবছর এই উদ্যোগ গ্রহণ করেন তিন
বিধায়কের এই উদ্যোগে উঠে এল এক বিশেষ সামাজিক বার্তা। রক্তের অভাবে যাতে কোনও মুমূর্ষু রোগীকে সমস্যায় পড়তে না হয়, তার জন্য সাধারণ মানুষকেও স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানাল তাঁর এই পদক্ষেপ। ব্যক্তিগত আনন্দের দিনকে সমাজের কল্যাণে উৎসর্গ করে জন্মদিন পালনের এক অন্য নজির তৈরি করলেন জয়পুরের বিধায়ক।