অনন্যা দে, আলিপুরদুয়ার, ৩ নভেম্বর: মাদক বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল আলিপুরদুয়ার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় ৩ বিঘা জমিতে গাঁজা চাষের সন্ধান পেল পুলিশ। যৌথ অভিযানে নষ্ট করা হল প্রায় ৬০০টি গাঁজা গাছ। সোমবার দুপুরের পর থেকে রাত পর্যন্ত আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের শালকুমার বামনপাড়া এলাকার সোনাপুর সংলগ্ন এলাকায় এই অভিযান চলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা পরিমল কার্জি এবং তাপস কার্জি নামে দুই ব্যক্তির জমিতে এই গাঁজা চাষ করা হচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে আলিপুরদুয়ার থানার পুলিশ প্রথমে এলাকায় অভিযান চালায়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আবগারি দফতর, ভূমি ও ভূমি রাজস্ব দফতর-সহ অন্যান্য দফতরের আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতে যৌথভাবে প্রায় ৬০০টি গাঁজা গাছ নষ্ট করা হয়।
জানা গিয়েছে, জলদাপাড়া অভয়ারণ্য লাগোয়া ওই এলাকায় চা গাছের আড়ালে গাঁজার চাষ করা হচ্ছিল। তবে পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের অভিযানের খবর পেয়ে অভিযুক্ত দুই ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাঁদের খোঁজে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।