Sunday, November 1, 2026
উত্তরবঙ্গ

কাজের প্রলোভনে নাবালিকাদের নেপালে পাচারের ছক, পানিট্যাঙ্কিতে গ্রেফতার এক

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 12, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
কাজের প্রলোভনে নাবালিকাদের নেপালে পাচারের ছক, পানিট্যাঙ্কিতে গ্রেফতার এক

দেবিকা দত্ত:শিলিগুড়ি: ইন্দো-নেপাল সীমান্ত পেরিয়ে নাবালিকাদের পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। খড়িবাড়ির পানিট্যাঙ্কি সীমান্তে রবিবারের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। কাজের প্রলোভন দেখিয়ে মিজোরাম থেকে নেপালে দুই নাবালিকাকে পাচারের পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন সীমান্তরক্ষী বাহিনীর (এসএসবি) জওয়ানেরা।

এসএসবি সূত্রে জানা গিয়েছে, রবিবার এক নাবালিকাকে সঙ্গে নিয়ে সীমান্ত পারাপারের চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। সেই সময় সীমান্তে টহলরত এসএসবি জওয়ানদের সন্দেহ হয়। সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি ওই ব্যক্তি ও নাবালিকাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা। নাবালিকার বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ায় সন্দেহ আরও বাড়ে। এরপরই ওই ব্যক্তিকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আরও এক নাবালিকার সন্ধান পান জওয়ানেরা। পরে শিলিগুড়ি থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। এই উদ্ধারকাজে এসএসবি, পুলিশ এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে উদ্যোগী হয়।

এসএসবি সূত্রের দাবি, দুই নাবালিকাকে কাজের প্রলোভন দেখিয়ে মিজোরাম থেকে নেপালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নাবালিকাদের কীভাবে নিয়ে আসা হয়েছিল এবং এই ঘটনার পিছনে আরও কোনও বড় চক্রের যোগ রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

পরে আটক ব্যক্তিকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া দুই নাবালিকার নিরাপত্তা ও পরবর্তী পদক্ষেপের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

— বিজ্ঞাপন —
Advertisement