Wednesday, November 11, 2026
জেলা

এনজেপিতে ট্রাফিক পুলিশ পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রচুর কার্তুজ, ঘিরে চাঞ্চল্য

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- November 10, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

শিলিগুড়ি: দীপাবলির রেশ কাটতে না কাটতেই নিউ জলপাইগুড়ি এলাকায় আগ্নেয়াস্ত্র ও প্রচুর কার্তুজ উদ্ধারের ঘটনায় ছড়াল চাঞ্চল্য। নিউ জলপাইগুড়ি রেল স্টেশন সংলগ্ন ইন্ডিয়ান অয়েলের আন্ডারপাসের কাছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পুলিশ পোস্টের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি ব্যাগ ভর্তি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। জনবহুল এলাকায়, তাও আবার পুলিশ পোস্টের এত কাছে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে নিতাই শীল নামে এক ব্যক্তি ট্রাফিক পুলিশ পোস্টের পাশে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটি খুলে দেখতেই তাঁর নজরে আসে আগ্নেয়াস্ত্র ও প্রচুর কার্তুজ। এরপরই তিনি খবর দেন নিউ জলপাইগুড়ি থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজ নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

ঘটনায় আতঙ্ক প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শী সুভাষ সাহানীর দাবি, সকালে হাঁটতে বেরিয়ে ঘটনাস্থলে ভিড় দেখতে পান তাঁরা। পরে জানতে পারেন, একটি ব্যাগ থেকে বন্দুক ও কার্তুজ উদ্ধার হয়েছে। তাঁর কথায়, নিউ জলপাইগুড়ি রেল স্টেশন এবং ইন্ডিয়ান অয়েলের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কাছাকাছি এলাকায় এভাবে অস্ত্র পড়ে থাকার ঘটনা যথেষ্ট উদ্বেগজনক।

উল্লেখ্য, নিউ জলপাইগুড়ি স্টেশন ও ইন্ডিয়ান অয়েল সংলগ্ন এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। কোথা থেকে এই অস্ত্র ও কার্তুজ এল? কে বা কারা ব্যাগটি সেখানে রেখে গেল? এর পিছনে কোনও অপরাধমূলক উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা জানতে শুরু হয়েছে তদন্ত।

— বিজ্ঞাপন —
Advertisement