Saturday, October 31, 2026
জেলা

ভুয়ো সরকারি আধিকারিক সেজে আইটি পার্কে তোলাবাজির চেষ্টা! মাটিগাড়া থেকে গ্রেফতার যুবক

Published by টুম্পা ব্যাণার্জী |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 30, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
সরকারি আধিকারিক সেজে প্রতারণা

শিলিগুড়ি , দেবিকা দত্ত: সরকারি আধিকারিক পরিচয় দিয়ে এবার আইটি পার্কে তোলাবাজির চেষ্টা! ভারত সরকারের অ্যান্টি ক্রাইম ব্যুরোর আধিকারিক পরিচয় দিয়ে মাটিগাড়ার ওয়েবেল আইটি পার্কে ঢুকে টাকা আদায়ের চেষ্টা করার অভিযোগে গ্রেফতার হল এক যুবক। ধৃতের নাম শেখর সাহা ওরফে বাবাই (৩৬)। তিনি শিলিগুড়ির প্রধাননগর এলাকার বাসিন্দা।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ৮ টা নাগাদ। অভিযোগ, ওই সময় মাটিগাড়া পরিবহণ নগরে অবস্থিত ওয়েবেল আইটি পার্কে প্রবেশ করে নিজেকে ভারত সরকারের অ্যান্টি ক্রাইম ব্যুরোর আধিকারিক বলে পরিচয় দেন শেখর। এরপর একটি পরিচয়পত্র দেখিয়ে আইটি পার্ক কর্তৃপক্ষকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেন তিনি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সঙ্গে সঙ্গে মাটিগাড়া থানায় খবর দেন কর্তৃপক্ষ। তবে পুলিশ পৌঁছনোর আগেই সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত।

পরবর্তীতে আইটি পার্ক কর্তৃপক্ষ মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে শুক্রবার সকালে মাটিগাড়া এলাকা থেকেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভারত সরকারের অ্যান্টি ক্রাইম ব্যুরোর একটি ভুয়ো পরিচয়পত্র।

শুক্রবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে পুলিশ। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার বিস্তারিত তদন্ত করতে চায় মাটিগাড়া থানার পুলিশ। এই ঘটনার পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, কিংবা এমন কোনও চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

— বিজ্ঞাপন —
Advertisement