Saturday, October 31, 2026
জেলা

শীঘ্রই বক্সার জঙ্গলে ফিরবে বাঘিনী! দীপাবলির আগেই ফেরানোর উদ্যোগ, দু’দিনের মধ্যে মিলতে পারে কেন্দ্রের অনুমতি

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 31, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
বক্সায় পরিদর্শনে মন্ত্রী

অনন্যা দে, আলিপুরদুয়ার, ৩১ অক্টোবর: অসমের রাইমোনা জাতীয় উদ্যান সংলগ্ন বাঁশঝাড়ে আশ্রয় নেওয়া বক্সার বাঘিনীকে শীঘ্রই ফিরিয়ে আনা হবে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে। শনিবার রাইমোনা জাতীয় উদ্যানে অসমের বনাধিকারিকদের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানালেন রাজ্যের পরিবেশ ও বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও।

বনমন্ত্রী জানান, বর্তমানে দুই রাজ্যের বনকর্মীরা বাঘিনীর উপর নজরদারি চালাচ্ছেন। সামনে দীপাবলি। উৎসবের সময় আতশবাজি ও শব্দের কারণে বাঘিনীর সমস্যা হতে পারে। তাই তাকে দ্রুত বক্সার জঙ্গলে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে। আগামী দু’দিনের মধ্যে অনুমতি মিলতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুমতি পেলেই শুরু হবে বাঘিনীকে ফেরানোর প্রক্রিয়া। তবে কী পদ্ধতিতে তাকে নিয়ে আসা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

মন্ত্রী আরও জানান, বন্যপ্রাণীরা রাজ্যের সীমানা বোঝে না। অন্য কোনও বাঘের গন্ধ পেয়েই হয়তো বাঘিনী রাইমোনায় চলে এসেছে। নভেম্বর মাসে আরও একটি বাঘ বক্সার জঙ্গলে আনা হবে। মন্ত্রীর আশা, সঙ্গী পেলে বাঘিনী বক্সার জঙ্গলেই থেকে যাবে।

উল্লেখ্য, প্রায় এক সপ্তাহ আগে বক্সার জঙ্গল থেকে বেরিয়ে অসমের রাইমোনা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় পৌঁছয় বাঘিনী। বর্তমানে দুই রাজ্যের বনদপ্তর তার নিরাপত্তায় নজরদারি চালাচ্ছে।
 

— বিজ্ঞাপন —
Advertisement