বাঁকুড়া: ডিআইবি ইন্সপেক্টর জয়ন্ত পালের অস্বাভাবিক মৃত্যু।বাঁকুড়া জেলা পুলিশের ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (DIB)-এ কর্মরত ইন্সপেক্টর জয়ন্ত পালের মর্মান্তিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বাঁকুড়া শহরের কেঠারডাঙ্গা রেল গেটের কাছে আরণ্যক এক্সপ্রেসের তলায় পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। তীব্র মানসিক অবসাদের জেরেই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই পুলিশ আধিকারিক, এমনটাই অনুমান করছেন অনেকেই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় কেঠারডাঙ্গা রেল গেটের সামনে এই ঘটনাটি ঘটে। শালিমারগামী আরণ্যক এক্সপ্রেস আসার সময় আচমকাই লাইনে চলে আসেন তিনি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর দেহ। ঘটনার খবর পেয়েই দ্রুত পৌঁছায় রেল পুলিশ (GRP) এবং জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। রেললাইন থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
এক সময় হুগলির চণ্ডীতলা থানার আইসি (Inspector-in-Charge) পদে কর্মরত থাকা এই পুলিশ আধিকারিক বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে আসছে। তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। কর্তব্যরত এক পুলিশ অফিসারের এমন আকস্মিক ও চরম পরিণতিতে পুলিশ মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।