দেবিকা দত্ত, শিলিগুড়ি: গাইঘাটার এনকাউন্টার নিয়ে এ বার মুখ খুললেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বুধবার বাগডোগরা বিমানবন্দরে নেমে তাঁর মন্তব্য, আইন ভেঙে পালানোর চেষ্টা করলে পুলিশকে পদক্ষেপ করতেই হবে। তবে শাস্তি দেওয়ার অধিকার আদালতেরই, মনে করিয়ে দিয়েছেন তিনি।
দিলীপ বলেন, “শাস্তি তো আদালত দেবে। কিন্তু কেউ আইন ভেঙে পালানোর চেষ্টা করলে পুলিশকে তো কিছু করতে হবে। এটাই হয়েছে। আগে পুলিশ দেখেও কিছু করত না। এখন পুলিশ আইনের আওতায় আনতে যা করার, তাই করছে।”
গাইঘাটার ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে বিতর্কের মধ্যেই মন্ত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার আবহে দিলীপের বক্তব্য, অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। তবে অপরাধের শাস্তি নির্ধারণের দায়িত্ব আদালতের।
বুধবার দার্জিলিংয়ে সরস মেলার উদ্বোধনে যোগ দিতে এসেছিলেন পঞ্চায়েত মন্ত্রী। বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গাইঘাটার ঘটনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। তাঁর মন্তব্য ঘিরে ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা নতুন করে শুরু হয়েছে।