বীণা নন্দী দাস, পশ্চিম মেদিনীপুর:-কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো প্যান্ডেলে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত দর্শনার্থীদের আত্মার প্রতি শান্তি জানাতে মোমবাতি প্রজ্জ্বল করে এবং পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানালো মেদিনীপুর শহরের অন্যতম পুজো কমিটি বিধান নগর পূর্ব সার্বজনীন দুর্গাপূজা কমিটি। অষ্টমীর সন্ধ্যায় মৃত দর্শনার্থীদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতাও পালন করা হয়। এদিন সন্ধ্যায় পুজো প্যান্ডেলের সামনে এই কার্যক্রম করেন পূজা কমিটির উদ্যোক্তারা। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন শালবনির বিধায়ক বিমান মাহাতো, বিবেকানন্দ ক্লাব ও বিধান নগর পূর্ব পুজো কমিটির সমস্ত সদস্যবৃন্দ। এছাড়াও যেসব দর্শনার্থীরা পূজো মণ্ডপ পরিদর্শন করতে এসেছিলেন তারাও এই কার্যক্রমে স্বইচ্ছায় সামিল হন।
পুজো কমিটির সভাপতি শামিত দাস জানান, কলকাতার চোরবাগানের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। যারা মারা গিয়েছেন তাঁদের আত্মার চিরশান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি।
সেইজন্যেই অষ্টমীর সন্ধ্যায় শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও মোমবাতি প্রজ্জ্বলন পাশাপাশি এক মিনিট নীরবতা পালন করেন পুজা কমিটির কার্যকর্তারা। তাছাড়াও পুজো কমিটির তরফে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান যা হওয়ার কথা ছিল তা বাতিল করে দেওয়া হয়েছে এই ঘটনার জন্য।
বিধান নগর পূর্ব সার্বজনীন দুর্গোৎসব কমিটি এ বছরের থিম সনাতনী বীরগাথা। ছত্রপতি শিবাজীর সিংহ গড় দুর্গের আদলে তৈরি হয়েছে এ মন্ডপ। এছাড়াও প্রতিমা মারাঠি ও বাঙালি সংস্কৃতির মেলবন্ধনে গড়ে তোলা হয়েছে। এ বছর 16 তম বর্ষে পদার্পণ করলো এই পুজো। এই মন্ডপে দর্শনার্থীদের ভিড় থাকে চোখে পড়ার মতো।