বীণা নন্দী দাস: পশ্চিম মেদিনীপুর : স্নেহার রহস্য মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মোমবাতি মিছিল মেদিনীপুর শহরে।
মেদিনীপুরের মেয়ে স্নেহা চক্রবর্তীর রহস্য মৃত্যুর ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে মৃত স্নেহার আত্মার শান্তি কামনায় মোমবাতি হাতে নিয়ে মৌন মিছিল করল স্নেহার বন্ধু-বান্ধব, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা। মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের বিধাননগর মাঠ থেকে মিছিলটি শুরু হয় এবং এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এই মিছিলে অংশগ্রহণকারীদের হাতে প্রজ্জ্বলিত মোমবাতি নিয়ে মৌন মিছিল বের হয়। প্রত্যেকে একটাই দাবি করেন স্নেহার মৃত্যুর ঘটনার সঙ্গে যারা জড়িত, তদন্তের মধ্য দিয়ে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই মিছিলে পা মেলান স্নেহার বাবা এবং মা।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মেদিনীপুর শহর সংলগ্ন যমুনাবালিতে স্নেহা চক্রবর্তীর শ্বশুরবাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃত স্নেহার বাপের বাড়ির পক্ষ থেকে কোতোয়ালি থানায় খুনের অভিযোগ দায়ের করেন স্নেহার বাবা ধ্রুব চক্রবর্তী। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ স্নেহার স্বামী রণদীপ জানা এবং তাঁর বাবাকে গ্রেফতার করেছে।
স্নেহার মৃত্যু ঘিরে শোকের পাশাপাশি ক্ষোভও তৈরি হয়েছে তাঁর পরিচিত মহলে। স্নেহার প্রতিবেশী, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবদের একটাই দাবি, স্নেহা আত্মহত্যা করতে পারে না। তাঁদের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।
মঙ্গলবারের সন্ধ্যায় মৌন মিছিলের মধ্য দিয়ে স্নেহার পরিচিতজনেরা তাঁর মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। পরিচিতজনদের বক্তব্য, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, তদন্তে তাদের প্রত্যেককে চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর শাস্তি দিতে হবে। এদিন একই সাথে প্রিয়জনকে হারানোর শোকের মধ্যে স্নেহার পরিবার যাতে সঠিক ন্যায়বিচার পায়, সেই দাবিও উঠেছে এই মিছিল থেকে।
মোমবাতি হাতে নীরবে পথ পরিক্রমার মধ্য দিয়ে স্নেহার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেক মানুষ। তাঁদের একটাই আশা, উপযুক্ত সঠিক তদন্তের মধ্য দিয়ে ঘটনার প্রকৃত সত্য সামনে আসলে স্নেহার পরিবার সঠিক ন্যায়বিচার পাবে।