পুরুলিয়া : ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়, আদিবাসী বীরদের আত্মত্যাগ ও সংগ্রামের কাহিনি পৌঁছে দিতে হবে আগামী প্রজন্মের কাছেও। এই লক্ষ্যকে সামনে রেখেই জাতীয় জনজাতি গৌরব দিবস উপলক্ষে পুরুলিয়ায় বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। ১৫ নভেম্বর বীরসা মুণ্ডার জন্মজয়ন্তী। সেই দিনটিকে কেন্দ্র করে ১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
কর্মসূচির মাধ্যমে শুধু বীরসা মুণ্ডা নন, আদিবাসী সমাজের অন্যান্য বীর ব্যক্তিত্বদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। ১৩ নভেম্বর বিভিন্ন আদিবাসী বীরের প্রতিকৃতি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পরিকল্পনা রয়েছে। ১৪ ও ১৫ নভেম্বর প্রদীপ প্রজ্জ্বলন ও মাল্যদানের মাধ্যমে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। আদিবাসী অধ্যুষিত ব্লকগুলিতেও কর্মসূচি ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা এসটি মোর্চার সভাপতি অশোক হাঁসদা জানান, ঝাড়গ্রামের শিলদায় রাজ্যস্তরের অনুষ্ঠানকে ঘিরে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা। পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচি দেখানোর ব্যবস্থাও থাকবে। তাঁর বক্তব্য, বীরসা মুণ্ডার লড়াই ও আদর্শকে জঙ্গলমহলের প্রতিটি আদিবাসী পরিবারের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের উদ্দেশ্য।
মানবাজারের বিধায়ক ময়না মুর্মুর বক্তব্য, জনজাতি গৌরব দিবস আদিবাসী সমাজের সংস্কৃতি, ঐতিহ্য ও দেশের প্রতি তাঁদের অবদানকে সামনে আনার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। দেশের নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রেও আদিবাসীদের ভূমিকা তুলে ধরতে চান তাঁরা।