বড়জোড়া,বাঁকুড়া,মহম্মদ শাহজাহান আনসারী: আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর করে তুলতে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি থানা এলাকার পুজো কমিটিগুলিকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ও সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হল।
এদিনের এই বিশেষ প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন বড়জোড়া বিধানসভার বিধায়ক বিলেশ্বর সিনহা এবং গঙ্গাজলঘাটি থানার পুলিশ আধিকারিকবৃন্দ। বৈঠকে বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্টজনেরাও অংশ নেন।
আসন্ন উৎসবে আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ, মণ্ডপগুলির নিরাপত্তা এবং সরকারি নির্দেশিকা মেনে পুজো পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের সুবিধার্থে এবং সবরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ও পুজো কমিটিগুলিকে একযোগে কাজ করার আহ্বান জানান বিধায়ক বিলেশ্বর সিনহা। অন্যদিকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ও নজরদারির বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।