বাঁকুড়া, মহম্মদ শাহজাহান আনসারী: দুর্গাপুজোর মহোৎসবে যখন মেতে উঠেছে গোটা রাজ্য, ঠিক তখনই এক ভিন্ন ছবি ধরা পড়ল বাঁকুড়ায়। উৎসবের দিনগুলিতে নিজের লোকসভা কেন্দ্রে অনুপস্থিত থেকে সুদূর দিল্লির এক পুজো মণ্ডপে দেখা গেল বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীকে। দিল্লির করোলবাগের দুর্গাপুজোয় উপস্থিত হয়ে সেখানে দেবী দর্শন ও আরতিতে অংশ নেন তিনি।
সাংসদ নিজেই তাঁর সমাজমাধ্যমের পাতায় দিল্লির করোল বাগ পুজো সমিতির মণ্ডপে অঞ্জলি ও আরতির বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। আর এই ছবি সামনে আসতেই বাঁকুড়ার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন ও তুমুল সমালোচনা।
স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের একাংশের দাবি, উৎসবের এই দিনগুলিতে বাঁকুড়াবাসী তাঁদের ঘরের সাংসদকে নিজের এলাকায় পাশে পেতে চেয়েছিলেন। কিন্তু তিনি নিজের নির্বাচনী ক্ষেত্র ছেড়ে দেশের রাজধানীতে পুজো কাটাতে চলে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিরোধী শিবিরও এই নিয়ে সাংসদকে নিশানা করতে ছাড়ছে না। সব মিলিয়ে, উৎসবের মরশুমে সাংসদের এই 'দিল্লি সফর' এখন বাঁকুড়ার রাজনীতির অন্যতম প্রধান চর্চার বিষয়।