Sunday, November 1, 2026
দক্ষিণবঙ্গ

বান্দোয়ানের জঙ্গলে অস্ত্র উদ্ধার, মাওবাদী দমনে বড় সাফল্যের দাবি পুলিশের

Published by Newz4 Admin |
পিউ নন্দী Posted by পিউ নন্দী
- October 13, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
বান্দোয়ানের জঙ্গলে অস্ত্র উদ্ধার, মাওবাদী দমনে বড় সাফল্যের দাবি পুলিশের

পিউ নন্দী, পুরুলিয়া: মাওবাদী গতিবিধির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলা পুলিশ। বান্দোয়ান থানা এলাকার ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন গভীর জঙ্গল থেকে উদ্ধার হল তিনটি রাইফেল, একটি রিভলবার এবং ৩৬ রাউন্ড তাজা গুলি। মাটির কাছাকাছি লুকিয়ে রাখা একটি ব্যাগ থেকে অস্ত্রগুলি উদ্ধার করা হয়। সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান পুরুলিয়ার পুলিশ সুপার কুমার সানি রাজ। 

 

পুলিশ সুপার জানান, গোপন সূত্রে পাওয়া খবর এবং ধৃত প্রাক্তন মাওবাদীদের জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। সিআইএফ, সিআরপিএফ ও জেলা পুলিশের যৌথ বাহিনী তল্লাশিতে অংশ নেয়। মেটাল ডিটেক্টর ব্যবহার করে জঙ্গলে চিরুনি তল্লাশি চালানোর পর অস্ত্রগুলির সন্ধান মেলে।

 

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি পয়েন্ট ৩১৫ রাইফেল এবং একটি পয়েন্ট ৩৮ রিভলবার। পুলিশ সুপারের দাবি, অস্ত্রগুলি সচল অবস্থায় ছিল। তবে সেগুলি কারা জঙ্গলে লুকিয়ে রেখেছিল এবং কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় মাওবাদী গতিবিধি রুখতে নজরদারি আরও জোরদার করেছে পুলিশ। পুলিশ সুপার জানিয়েছেন, মাওবাদী কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। অস্ত্র উদ্ধারের পরও সংশ্লিষ্ট জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

— বিজ্ঞাপন —
Advertisement