Sunday, November 1, 2026
আল্ট্রা লোকাল

ফের পথ দুর্ঘটনা বলরামপুরে, পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর জখম দুই যুবক

Published by Newz4 Admin |
পিউ নন্দী Posted by পিউ নন্দী
- October 14, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ফের পথ দুর্ঘটনা বলরামপুরে, পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর জখম দুই যুবক

পিউ নন্দী ,পুরুলিয়া :  পুরুলিয়ার বলরামপুরে ফের পথ দুর্ঘটনা। জামশেদপুর–পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হলেন বাইকে থাকা দুই যুবক। মঙ্গলবার রাত আটটা নাগাদ এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছয় বলরামপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

আহত দুই যুবকের নাম বকুল মুর্মু ও মঙ্গল মুর্মু। তাঁদের বাড়ি বলরামপুর থানার আমটাঁড় গ্রামে। জানা গিয়েছে, একটি বাইকে চেপে তাঁরা আমটাঁড় থেকে বলরামপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় জামশেদপুরগামী একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে এসে তাঁদের বাইকে ধাক্কা মারে বলে অভিযোগ। ধাক্কার অভিঘাতে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান দুই যুবক। গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।

 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বলরামপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে আহত দু’জনকে উদ্ধার করে নিকটবর্তী বাঁশগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি ও আঘাতের গুরুত্ব বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

 

অন্যদিকে, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি আটক করেছে পুলিশ। পলাতক পিকআপ ভ্যানটির সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল এবং পলাতক গাড়িটির পরিচয় কী, তা খতিয়ে দেখা হচ্ছে।

১৮ নম্বর জাতীয় সড়কে ফের এই দুর্ঘটনা পথনিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

— বিজ্ঞাপন —
Advertisement