Wednesday, November 11, 2026
জেলা

শর্ট সার্কিটের আগুনে পুড়ল এয়ার কুলার, স্থানীয়দের তৎপরতায় রক্ষা পেল তিনতলা বাণিজ্যিক ভবন

Published by স্মৃতি মণ্ডল |
পিউ নন্দী Posted by পিউ নন্দী
- November 11, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
শর্ট সার্কিটের আগুনে পুড়ল এয়ার কুলার, রক্ষা পেল তিনতলা বাণিজ্যিক ভবন

পুরুলিয়া: কয়েক মিনিটের ব্যবধানেই ঘটে যেতে পারত ভয়াবহ বিপর্যয়। আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়ছিল তিনতলা বাণিজ্যিক ভবনে। কিন্তু দমকলের গাড়ি পৌঁছনোর অপেক্ষা না করে বিপদের মুহূর্তে ঝাঁপিয়ে পড়লেন স্থানীয় যুবক, ব্যবসায়ী ও পুলিশকর্মীরা। তাঁদের সম্মিলিত তৎপরতায় বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বলরামপুর–বরাবাজার রোডের একটি বাণিজ্যিক ভবন।

বলরামপুরের মনসা মন্দির সংলগ্ন ওই ভবনের তিনতলায় একটি ইলেকট্রনিক্সের দোকানে হঠাৎ আগুন লাগে। প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে এলাকায় আতঙ্ক তৈরি হয়।

দোকান মালিক মোবিন আনসারীর দাবি, আগুনে তিনতলায় মজুত থাকা প্রায় ২০ থেকে ২৫টি এয়ার কুলার-সহ একাধিক ইলেকট্রনিক্স সামগ্রী সম্পূর্ণ পুড়ে গিয়েছে। আগুনের তীব্রতা দেখে আশপাশের ব্যবসায়ীরাও উদ্বিগ্ন হয়ে পড়েন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বলরামপুর থানার পুলিশ। দমকল পৌঁছনোর আগেই স্থানীয়রা বোরিংয়ের জল ব্যবহার করে আগুন নেভানোর কাজে হাত লাগান। পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আগুনের বিস্তার রোখা সম্ভব হয়।

আগুন দোতলায় ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের আশঙ্কা, আর মাত্র ৫ থেকে ১০ মিনিট দেরি হলে কয়েক কোটি টাকার সম্পত্তি আগুনের গ্রাসে চলে যেতে পারত। আপাতত ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ এবং অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখার কাজ চলছে।

— বিজ্ঞাপন —
Advertisement