Friday, November 13, 2026
জেলা

সাত লক্ষ টাকার সাউন্ড ও লাইটিং সরঞ্জাম চুরি! তদন্তে নেমে বলরামপুরেই মিলল চোরাই মাল, গ্রেফতার দুই

Published by স্মৃতি মণ্ডল |
পিউ নন্দী Posted by পিউ নন্দী
- November 12, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
বলরামপুরে মিলল চোরাই মাল, গ্রেফতার দুই

পুরুলিয়া: রাতের অন্ধকারে গুদামে হানা দিয়ে উধাও করে দেওয়া হয়েছিল লক্ষাধিক টাকার সাউন্ড ও লাইটিং সরঞ্জাম। ঘটনার তদন্তে নেমে শেষ পর্যন্ত চুরির কিনারা করল পুরুলিয়া জেলা পুলিশের বলরামপুর থানার পুলিশ। উদ্ধার হল চুরি যাওয়া প্রায় ৭ লক্ষ টাকার সামগ্রী। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জনকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩১ অক্টোবর রাতে বলরামপুর থানার অন্তর্গত বেলা গ্রামের একটি গুদামে চুরির ঘটনা ঘটে। সেখান থেকে একাধিক দামি সাউন্ড মিক্সার মেশিন, স্পিকার এবং বিভিন্ন ধরনের লাইট ও লাইটিং সরঞ্জাম চুরি যায়। সব মিলিয়ে চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লক্ষ টাকা।

ঘটনার তদন্তে নেমে পুলিশ বিভিন্ন সূত্র ধরে খোঁজখবর শুরু করে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তকারী আধিকারিক এএসআই শুভদীপ পালের নেতৃত্বে পুলিশ বাহিনী অভিযান চালায়। এরপরই গ্রেফতার করা হয় বেলা গ্রামের বাসিন্দা সমীর দাস এবং শ্যামনগর গ্রামের বাসিন্দা জগন্নাথ দাসকে।

পুলিশের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদ এবং তাদের দেখানো জায়গা থেকে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করা হয়েছে। জগন্নাথ দাসের বাড়ি থেকে উদ্ধার হয় সাউন্ড মিক্সার, স্পিকার-সহ যাবতীয় চোরাই সরঞ্জাম। উদ্ধার হওয়া সামগ্রীর মোট মূল্য প্রায় ৭ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ধৃত দু’জনকেই গ্রেফতার করে আদালতে পেশ করার প্রক্রিয়া শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যে চুরি যাওয়া সম্পূর্ণ সামগ্রী উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে তদন্তকারী মহলে। তবে এই চুরির ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্তের বিষয়।

চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি অপরাধ দমনে তদন্ত চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ।

— বিজ্ঞাপন —
Advertisement