অনন্যা দে, আলিপুরদুয়ার, ২৩ অক্টোবর: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে টোটোপাড়া থেকে আলিপুরদুয়ার পর্যন্ত পুনরায় চালু হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস পরিষেবা। শুক্রবার এই বাস পরিষেবার শুভ সূচনা হয়। এর ফলে প্রত্যন্ত টোটোপাড়া ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের যাতায়াতের ক্ষেত্রে নতুন করে আশার আলো দেখা দিয়েছে।
জানা গিয়েছে, প্রতিদিন সকাল ৮টায় টোটোপাড়া থেকে আলিপুরদুয়ারগামী বাসটি ছাড়বে। টোটোপাড়া থেকে হাসিমারা হয়ে বাসটি পৌঁছবে আলিপুরদুয়ারে। দীর্ঘদিন ধরে এই রুটে বাস পরিষেবা চালুর অপেক্ষায় ছিলেন এলাকার মানুষ। পরিষেবা পুনরায় চালু হওয়ায় সাধারণ যাত্রীদের পাশাপাশি ছাত্রছাত্রী ও নিত্যযাত্রীরাও উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
শুক্রবার বাস পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, শিক্ষামন্ত্রী দীপক বর্মণ, মাদারিহাটের বিধায়ক লক্ষ্মণ লিম্বু, আলিপুরদুয়ারের বিধায়ক পরিতোষ দাস এবং আলিপুরদুয়ারের জেলাশাসক-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
টোটোপাড়া ভৌগোলিকভাবে প্রত্যন্ত এলাকায় অবস্থিত হওয়ায় এখানকার বাসিন্দাদের যাতায়াতের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে আলিপুরদুয়ার শহরে পৌঁছনো, পড়াশোনা এবং অন্যান্য জরুরি কাজে যাতায়াতের ক্ষেত্রে পরিবহণ পরিষেবার গুরুত্ব অপরিসীম।
এবার বাস পরিষেবা পুনরায় চালু হওয়ায় সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি এলাকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা আরও সহজ হবে বলেও আশা করা হচ্ছে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি টোটোপাড়ার বাসিন্দারা।