Friday, November 13, 2026
জেলা

বিহার থেকে অসমে মহিষ পাচারের ছক! তেলিপাড়ায় ট্রাক আটক করে ২৬টি মহিষ উদ্ধার, গ্রেফতার চালক

Published by টুম্পা ব্যাণার্জী |
অনন্যা দে Posted by অনন্যা দে
- November 13, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
জাতীয় সড়কে পুলিশের অভিযান, উদ্ধার ২৬টি মহিষ

আলিপুরদুয়ার: আন্তঃরাজ্য পশু পাচার রুখতে বড়সড় অভিযান চালাল আলিপুরদুয়ার জেলা পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তেলিপাড়া সংলগ্ন ২৭ নম্বর জাতীয় সড়কের টোল প্লাজার কাছে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৬টি মহিষ উদ্ধার করল কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার অসমগামী একটি ট্রাকে মহিষ পাচার করা হচ্ছে বলে গোপন সূত্রে খবর পান পুলিশকর্মীরা। সেই খবরের ভিত্তিতে জাতীয় সড়কের টোল প্লাজা সংলগ্ন এলাকায় নজরদারি শুরু করেন তাঁরা। এরপর সন্দেহজনক ট্রাকটিকে আটক করে তল্লাশি চালানো হয়। ট্রাকের ভিতরে ঢুকতেই দেখা যায়, সেখানে গাদাগাদি করে রাখা হয়েছে ২৬টি মহিষ। অত্যন্ত অমানবিক পরিস্থিতিতে সেগুলিকে পরিবহণ করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, বিহার থেকে মহিষগুলি অসমে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই পাচারের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ধৃত ট্রাকচালককে জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের শিকড়ে পৌঁছনোর চেষ্টা করছেন তদন্তকারীরা।

উদ্ধার হওয়া মহিষগুলির দেখভালের ব্যবস্থা করা হচ্ছে। এই পাচারচক্রের সঙ্গে কোনও বড় আন্তঃরাজ্য চক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। কোথা থেকে মহিষগুলি তোলা হয়েছিল এবং অসমে কোথায় সেগুলি নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা জানার চেষ্টা চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

— বিজ্ঞাপন —
Advertisement