অনন্যা দে, আলিপুরদুয়ার, ৮ অক্টোবর: রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হওয়ার পর প্রথমবার আলিপুরদুয়ার জেলায় এলেন অভিনেতা তথা সুপারস্টার মিঠুন চক্রবর্তী। বুধবার রাতে হাসিমারার সামনে মালঙ্গি লজে রাত্রিবাস করেন তিনি। বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন পর্যটনস্থলে ঘুরে পর্যটন পরিকাঠামো ও সম্ভাবনা খতিয়ে দেখেন তিনি।
মিঠুন চক্রবর্তী জানান, রাজ্য সরকার আলিপুরদুয়ার জেলাকে পর্যটনের ক্ষেত্রে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই তিনি জেলায় এসে বিভিন্ন পর্যটনস্থল পরিদর্শন করছেন। তাঁর কথায়, আলিপুরদুয়ারকে আগামী দিনে একটি গুরুত্বপূর্ণ পর্যটন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। পর্যটনকেন্দ্রগুলিতে কোথায় কী ধরনের উন্নয়ন প্রয়োজন, কীভাবে পর্যটকদের জন্য আরও সুযোগ-সুবিধা তৈরি করা যায়, সেই বিষয়গুলিও তিনি সরেজমিনে দেখছেন।
তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার প্রসঙ্গে মিঠুন বলেন, “১৫ বছর ধরে বিগত সরকারের আমলে যা যা নোংরামো হয়েছে, তা পরিষ্কার করা হবে প্রথম লক্ষ্য।”
এদিকে অভিনেতা তথা ঘনিষ্ঠ বন্ধু নানা পাটেকরের মৃত্যুসংবাদে মর্মাহত মিঠুন। ‘সাগর সঙ্গম’ ছবিতে একসঙ্গে অভিনয়ের স্মৃতি উল্লেখ করে তিনি জানান, নানা পাটেকর তাঁর অত্যন্ত ভালো বন্ধু ছিলেন। বন্ধুর প্রয়াণে পুরনো দিনের নানা স্মৃতিও এদিন রোমন্থন করেন অভিনেতা।