আলিপুরদুয়ার, ৫ অক্টোবর: প্রায় দেড় বছর পর জয়গাঁর ছয় বছরের নাবালিকা ধর্ষণ-খুন মামলায় চূড়ান্ত সাজা ঘোষণা করল আলিপুরদুয়ার জেলা আদালতের ফার্স্ট ট্র্যাক কোর্ট। সোমবার মামলার মূল অভিযুক্ত বাবলু মিয়াঁকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। বাকি তিন অভিযুক্ত জাইদুল ইসলাম, মনির হোসেইন ও মজিবুল শেখকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি নাবালিকার পরিবারকে ছয় লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৪ সালের ১৬ অক্টোবর জয়গাঁর ডালডাবাড়ির একটি পরিত্যক্ত গোডাউন থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। তদন্তে গণধর্ষণ ও হত্যার অভিযোগের প্রমাণ সামনে আসে। চার অভিযুক্তই নাবালিকার প্রতিবেশী। সিসিটিভি ফুটেজ, ফরেনসিক রিপোর্ট এবং ডিএনএ সংক্রান্ত তথ্য মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উঠে আসে। শুনানি চলাকালীন আদালতে মোট ২২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।