অনন্যা দে,আলিপুরদুয়ার, ৭ অক্টোবর: দলের প্রধানের বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব আনলেন শাসকদলের পঞ্চায়েত সদস্যরা। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতে এই ঘটনায় নতুন করে প্রকাশ্যে এল তৃণমূলের অন্দরের টানাপোড়েন। প্রধান চন্দ্রা নার্জিনারীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার পর বুধবার কালচিনি বিডিও অফিসে তার হিয়ারিংও সম্পন্ন হয়েছে।
মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতে মোট ১৪ জন সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে ১১ জন তৃণমূল কংগ্রেসের একজন এবং দুই জন বিজেপির সদস্য। তৃণমূলেরই ১০ জন পঞ্চায়েত সদস্য প্রধান চন্দ্রা নার্জিনারীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন।
প্রশাসনিক নিয়ম মেনে বুধবার সেই প্রস্তাব নিয়ে হিয়ারিং অনুষ্ঠিত হয়। ফলে এখন মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপের দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।