অনন্যা দে:আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার মাঝেরডাবড়ি চা বাগানে ৯০ বিঘা জমিতে মেডিকেল কলেজ নির্মাণের প্রাথমিক উদ্যোগকে ঘিরে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়াল। বুধবার সকাল ১১টা থেকে বাগানের অফিসের সামনে ম্যানেজার চিন্ময় ধরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকরা। চা বাগানের জমিতে মেডিকেল কলেজ নির্মাণের বিরোধিতা করে সরব হন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মাঝেরডাবড়ি চা বাগানে মেডিকেল কলেজ তৈরির সম্ভাবনা খতিয়ে দেখতে প্রশাসনিক কর্তারা জমি পরিদর্শন করেন। এরপর থেকেই শ্রমিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের আশঙ্কা, বাগানের জমিতে মেডিকেল কলেজ তৈরি হলে বহু চা গাছ নষ্ট হতে পারে। পাশাপাশি শ্রমিকদের বাড়িঘর উচ্ছেদের আশঙ্কাও করছেন তাঁরা। এর ফলে কর্মসংস্থান হারানোর ভয়ও রয়েছে শ্রমিকদের মধ্যে।
শ্রমিকদের স্পষ্ট বক্তব্য, কোনওভাবেই চা বাগানের জমিতে মেডিকেল কলেজ নির্মাণ করতে দেওয়া হবে না। তাঁদের দাবি, বাগানের জমি ও কর্মসংস্থান সুরক্ষিত রাখতে হবে।
অন্যদিকে, বাগানের ম্যানেজার চিন্ময় ধর জানান, মেডিকেল কলেজ নির্মাণ নিয়ে এখনও কোনও চুক্তি হয়নি। প্রাথমিকভাবে শুধু জায়গাটি পছন্দ করা হয়েছে। শ্রমিকরা রাজি না থাকলে চা বাগানের জমিতে মেডিকেল কলেজ নির্মাণ করা হবে না বলেও জানান তিনি।