অনন্যা দে, আলিপুরদুয়ার, ২০ অক্টোবর: ভক্তি, নিষ্ঠা ও পারিবারিক ঐতিহ্যের মেলবন্ধনে জয়গাঁর সরকার বাড়িতে পালিত হচ্ছে দুর্গাপুজো। এবছর এই পারিবারিক দুর্গাপুজো ২৬ বছরে পদার্পণ করল। সময়ের সঙ্গে পুজোর পরিসর বাড়লেও ঐতিহ্য ও নিষ্ঠার কোনও খামতি নেই।
পরিবারের সদস্য অনিতা দাস সরকার জানান, তাঁর মায়ের হাত ধরেই এই পুজোর সূচনা হয়েছিল। প্রথমে খুব ছোট পরিসরে পুজো শুরু হলেও দেবীর আশীর্বাদে ধীরে ধীরে তা বড় আকার ধারণ করে। প্রথমদিকে সাধারণভাবে পুজো হলেও পরবর্তীকালে মূর্তিপুজোর প্রচলন শুরু হয়। বর্তমানে নবমীর দিন কন্যাপুজো ও বিশেষ যজ্ঞ এই পুজোর অন্যতম আকর্ষণ।
অনিতা দেবী জানান, নবরাত্রির নয় দিন দেবীর নবদুর্গা রূপের আরাধনা করা হয়। নবমীতে কন্যাপুজো ও যজ্ঞের আয়োজন করা হয়। দশমীতে নিয়ম মেনে দেবীকে বিদায় জানানো হয়।
একসময় পরিবারের সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ ছিল এই পুজো। বর্তমানে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, দিল্লি থেকে আসা অতিথি এবং কর্মসূত্রে বাইরে থাকা পরিচিতরাও এতে অংশ নেন। অনেকেই সারা বছর নবমীর যজ্ঞে যোগ দেওয়ার অপেক্ষায় থাকেন।
অনিতা দাস সরকারের কথায়, দুর্গাপুজো তাঁদের কাছে আবেগ ও বিশ্বাসের উৎসব। সকলের সুস্থতা, সমৃদ্ধি ও আনন্দ কামনা করেই প্রতিবছর এই আয়োজন করা হয়।