Sunday, November 1, 2026
উত্তরবঙ্গ

হাসিমারায় পূর্ণাঙ্গ বিমানবন্দরের পথে আরও এক ধাপ এগুলো রাজ্য সরকার, স্বাক্ষরিত হল মৌচুক্তি

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 06, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
হাসিমারায় পূর্ণাঙ্গ বিমানবন্দরের পথে আরও এক ধাপ এগুলো রাজ্য সরকার, স্বাক্ষরিত হল মৌচুক্তি

অনন্যা দে, আলিপুরদুয়ার, ৬ অক্টোবর: আলিপুরদুয়ারের হাসিমারায় পূর্ণাঙ্গ অসামরিক বিমানবন্দর গড়ে তোলার উদ্যোগে আরও এক ধাপ এগোল রাজ্য। সোমবার নবান্ন সভাঘরে ‘উড়ান’ প্রকল্পের আওতায় রাজ্যের বিভিন্ন বিমানবন্দর উন্নয়ন এবং নতুন বিমানবন্দর তৈরির লক্ষ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কিনজারাপু রামমোহন নাইডু, এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়ার প্রতিনিধিরা, মুখ্যসচিব ও পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ।

‘উড়ান’ প্রকল্পে পুরুলিয়ার ছররা, পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের পাশাপাশি আলিপুরদুয়ারের হাসিমারায় বিমানবন্দর উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

হাসিমারা অসামরিক বিমানবন্দরের জন্য মোট ৩৭ একর জমি নির্ধারিত হয়েছে। এর মধ্যে ২৫ একর সরকারি খাস জমির পাশাপাশি সংলগ্ন সাতালি ও মধু চা-বাগান থেকে আরও ১২ একর জমি অধিগ্রহণ করে কেন্দ্রের হাতে হস্তান্তর করেছে রাজ্য। ইতিমধ্যেই প্রস্তাবিত বিমানবন্দরের জমি জরিপের কাজও শেষ হয়েছে।

কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী হাসিমারায় একটি পূর্ণাঙ্গ ডোমেস্টিক বিমানবন্দর গড়ে উঠবে। বিমান পরিষেবা চালু হলে উত্তরবঙ্গের যোগাযোগ, পর্যটন ও বাণিজ্যে গতি আসার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবাতেও সুবিধা হবে বলে মনে করছেন স্থানীয়রা। সোমবার হাসিমারার বাসিন্দারা মিষ্টিমুখ করে এই উদ্যোগের আনন্দ ভাগ করে নেন।

— বিজ্ঞাপন —
Advertisement