Saturday, October 31, 2026
জেলা

৯২তম বর্ষে ঐতিহাসিক হ্যামিল্টনগঞ্জ কালীপুজো মেলা, শুরু ৯ নভেম্বর

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 27, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
আলোর রোশনাই যে পেজে উঠেছে মেলা

অনন্যা দে, আলিপুরদুয়ার, ২৭ অক্টোবর: ব্রিটিশ আমলের ঐতিহ্যকে ধরে রেখে এবার ৯২তম বর্ষে পদার্পণ করতে চলেছে ডুয়ার্সের ঐতিহাসিক হ্যামিল্টনগঞ্জ কালীপুজো মেলা। আগামী ৯ নভেম্বর থেকে শুরু হবে এই মেলা। টানা ১৪ দিন ধরে চলবে মেলা। ইতিমধ্যেই মেলাকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করে দিয়েছে আয়োজক কমিটি।

এবারের মেলায় থাকছে সরকারি স্টল। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসে তাঁদের পসরা সাজিয়ে বসবেন। দর্শনার্থীদের জন্য থাকবে বিভিন্ন ধরনের আকর্ষণীয় সামগ্রীর স্টলও। মেলার আয়োজন ও প্রস্তুতির খুঁটিনাটি জানাতে এদিন মেলা অফিসে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি কালিদাস মুখার্জি, যুগ্ম সম্পাদক অলোক মিত্র ও সুকমল ঘোষ, কোষাধ্যক্ষ অঙ্কুর ঘোষ এবং চেয়ারম্যান সঞ্জয় মুখার্জি।

মেলা কমিটির কর্তারা জানান, প্রতিবছর ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই ঐতিহ্যবাহী মেলায় ভিড় জমান। ১৪ দিন ধরে মেলাকে কেন্দ্র করে হ্যামিল্টনগঞ্জে তৈরি হয় উৎসবের আবহ। আত্মীয়স্বজন ও পরিচিতদের সঙ্গে দেখা করার সুযোগও পান অনেকে।

দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবারও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুলিশ প্রশাসনের তরফেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে মেলা কমিটি।

— বিজ্ঞাপন —
Advertisement