অনন্যা দে, আলিপুরদুয়ার: দিনের আলোতেই লোকালয়ে ঢুকে পড়ল ছয়টি হাতির একটি দল। হাতির হানায় আতঙ্ক ছড়াল আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। সোমবার সকালে ছিপরা জঙ্গল থেকে বেরিয়ে হাতির দলটি এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে শুরু করে। এরপর স্থানীয় বাসিন্দাদের ধানক্ষেতে ঢুকে পড়ে হাতির দলটি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছয়টি হাতির দলকে লোকালয়ে ঘোরাফেরা করতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। ধানক্ষেতে হাতির প্রবেশের ঘটনায় ফসলের ক্ষতির আশঙ্কাও তৈরি হয়েছে। হাতির দলটি দিনের আলোয় এলাকায় ঘুরে বেড়ানোয় উদ্বেগ বেড়েছে স্থানীয়দের মধ্যে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বনদপ্তরের কর্মীরা। হাতির দলটিকে নিরাপদে লোকালয় থেকে সরিয়ে ফের জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন তাঁরা। হাতির গতিবিধির উপর নজর রাখছেন বনকর্মীরা। হাতির দলটির গতিবিধি নিয়ে সতর্ক রয়েছেন এলাকার বাসিন্দারাও। পরিস্থিতির দিকে নজর রাখছে বনদপ্তর।