অনন্যা দে: আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (ডিপিএসসি)-এর নতুন চেয়ারম্যান হলেন দিলীপ পাল। তিনি আলিপুরদুয়ার হাইস্কুলের গ্রন্থাগারিক। সোমবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফে আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের আরও পাঁচটি জেলার ডিপিএসসির চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হয়েছে।
গত ৪ মে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ডিপিএসসির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন প্রাক্তন চেয়ারম্যান পরিতোষ বর্মন। তারপর থেকে পদটি ফাঁকা ছিল। ফলে জেলার প্রাথমিক স্কুলগুলির বিভিন্ন প্রশাসনিক কাজে বিলম্ব হচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে অস্থায়ীভাবে ডিআই প্রাইমারিকে ওই দায়িত্ব দেওয়া হয়েছিল। অবশেষে স্থায়ী চেয়ারম্যানের নাম ঘোষণায় স্বস্তি ফিরেছে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে।
নতুন চেয়ারম্যান দিলীপ পাল বলেন, “এই পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথভাবে দায়িত্ব পালনের চেষ্টা করব। শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতা প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়ে জেলার প্রাথমিক শিক্ষার হাল ফেরানোই আমার প্রধান লক্ষ্য।”