অনন্যা দে, আলিপুরদুয়ার, ২৩ অক্টোবর: পেরিয়ে গিয়েছে দুর্গাপুজো, কিন্তু মেলেনি দাবি পূরণের আশ্বাস। টানা ১৮ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বক্সার ১৮টি গ্রামের মহাগ্রামসভার যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা। বন দফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে এবার আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেন আন্দোলনকারীরা। ওই সময়ের মধ্যে দাবি পূরণে পদক্ষেপ না করা হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
আন্দোলনকারীদের অভিযোগ, এক পক্ষকালেরও বেশি সময় পেরিয়ে গেলেও তাঁদের দাবিগুলি নিয়ে কোনও কার্যকর পদক্ষেপ করেনি বন দফতর। এই পরিস্থিতিতে ক্ষোভ বাড়ছে আন্দোলনকারীদের মধ্যে। ২৫ অক্টোবরের পর কী ধরনের কর্মসূচি নেওয়া হবে, তা এখনও স্পষ্ট করেননি তাঁরা। তবে বন দফতরের ভূমিকা নিয়ে অসন্তোষ যে ক্রমশ বাড়ছে, তা তাঁদের বক্তব্যেই পরিষ্কার।
এই আন্দোলনের জেরে টানা ১৮ দিন ধরে বন্ধ বক্সার জিপ সাফারি। দুর্গাপুজোর মরশুমেও পর্যটকদের আনাগোনা থেকে বঞ্চিত হয়েছে বক্সা। ফলে পর্যটনকেন্দ্রকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এ বিষয়ে বনমন্ত্রী মনোজ ওঁরাও বলেন, “আমরা আলোচনার মাধ্যমে সব কিছু মিটিয়ে নেব।”
অন্যদিকে, আন্দোলনের অন্যতম নেতা অয়ন নাইডুর বক্তব্য, “পুজো পেরিয়ে যাওয়ার পর আমরা আর আশার আলো দেখতে পাচ্ছি না। আমরা ২৫ অক্টোবর পর্যন্ত বন দফতরকে সময় বেঁধে দিয়েছি। তারপর আমাদের অন্য কিছু ভাবতেই হবে। এত অবহেলা আর সহ্য করা যাচ্ছে না।”