আলিপুরদুয়ার: অবশেষে এনক্লোজারের গণ্ডি পেরিয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে প্রকৃতির পথে পা বাড়াল বাঘিনী। গত ২ অক্টোবর ২৫ মাইল সংলগ্ন জঙ্গলে তৈরি এনক্লোজারের গেট খুলে দেওয়া হলেও প্রায় দুদিন ধরে সেখান থেকে বের হয়নি বাঘিনী। এনক্লোজারের ভিতরেই স্বাভাবিকভাবে ঘোরাফেরা করছিল সে। হরিণের মাংস খাওয়ার পাশাপাশি জলাধারের জলও পান করছিল বাঘিনী।
বাঘিনীর এনক্লোজার থেকে বেরিয়ে আসার অপেক্ষায় ছিলেন বন দফতরে আধিকারিক ও কর্মীরা। রবিবার বিকেলে অবশেষে সেই অপেক্ষার অবসান হয়। এদিন এনক্লোজার ছেড়ে জঙ্গলের স্বাভাবিক পরিবেশে চলে যায় বাঘিনী। বিষয়টি নজরে আসার পর বনকর্মীরা দ্রুত বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তাকে খবর দেন।বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা কুমার বিমল জানিয়েছেন, বাঘিনীর গলায় রেডিও কলার রয়েছে। ফলে তার গতিবিধি রেডিও কলারের মাধ্যমে নিয়মিত ট্র্যাক করা সম্ভব হবে।