অনন্যা দে, আলিপুরদুয়ার, ১২ নভেম্বর: রাতের অন্ধকারে কে বা কারা বামনী নদীর ধারে ফেলে রেখে গেল দুই কার্টুন ভর্তি বিপুল পরিমাণ দামি ওষুধ। বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আলিপুরদুয়ার-২ নম্বর ব্লকের যশোডাঙ্গা বিশ্বাসপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যশোডাঙ্গার মমিনপাড়া সংলগ্ন বামনী নদীর ধারে ওষুধ ভর্তি কার্টুন দুটি পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। তাঁদের দাবি, উদ্ধার হওয়া ওষুধগুলির অধিকাংশেরই মেয়াদ এখনও উত্তীর্ণ হয়নি। তাহলে এত বিপুল পরিমাণ দামি ওষুধ নির্জন নদীর ধারে কে বা কারা ফেলে গেল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামুকতলা থানার পুলিশ। ওষুধ ভর্তি কার্টুন দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে, প্রকাশ্যে এভাবে ওষুধ ফেলে রাখার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশঙ্কা, কেউ না বুঝে ওষুধগুলি বাড়িতে নিয়ে গিয়ে ব্যবহার করলে বিপদের আশঙ্কা রয়েছে। পাশাপাশি খোলা জায়গায় পড়ে থাকা ওষুধ পশুরাও খেয়ে ফেলতে পারে। ওষুধগুলি কোথা থেকে এল, কেন ফেলে রাখা হয়েছিল এবং এর পিছনে চুরি বা অন্য কোনও যোগ রয়েছে কি না, সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।