পূর্ব বর্ধমান: আসন্ন ছট পুজো উপলক্ষে শহরের বিভিন্ন ঘাট সাজিয়ে তোলার পাশাপাশি আলোকসজ্জার কাজ চলছে জোরকদমে। এরই মাঝে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল বর্ধমানের আমবাগান ছট পুজো কমিটি। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকা এলাকার একটি জলাশয় সংস্কার করে সেটিকে পবিত্র করতে প্রায় ৬০ কিলোমিটার দূর থেকে ১০ হাজার লিটার গঙ্গাজল এনে ঢালা হল ওই পুকুরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগেও আমবাগান ও তার আশপাশ এলাকার বাসিন্দারা এই জলাশয়েই ছট পুজো করতেন। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে পুকুরটি আগাছায় ভরে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছিল। ফলে গত কয়েক বছর ধরে পুণ্যার্থীরা এখানে পুজো করতে আসছিলেন না।
জলাশয়টির হারানো ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতে এবার উদ্যোগী হয় আমবাগান ছট পুজো কমিটি। কমিটির সদস্য সুধীর রঞ্জন কুমার সাউ বলেন, "এই জলাশয়টিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে আমরা আগে থেকেই সচেষ্ট হয়েছিলাম। গত দু-তিন মাস ধরে টানা আগাছা নির্মূল ও সাফাইয়ের কাজ চলেছে। এরপর পুকুরটিকে শুদ্ধ করার জন্য কালনার ধাত্রীগ্রাম থেকে ১০ হাজার লিটার গঙ্গাজল এনে এখানে ঢালা হলো। সেই সঙ্গে যথাযথ নিয়ম মেনে পুজো পাঠও করা হয়েছে।"
পুজো কমিটির তরফে এলাকার বাসিন্দাদের পুনরায় এই ঘাটে এসে ছট পুজো করার আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের দাবি, আগের মতোই এবারও পুণ্যার্থীরা সবরকম পরিষেবা পাবেন এবং পুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, এবারের ছট পুজোয় দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে 'লেজার শো'।