দেবিকা দত্ত:শিলিগুড়ি: শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য ও বিভেদের রাজনীতির বিরুদ্ধে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ)। শনিবার বালাসন উন্নয়ন সমিতির সভাকক্ষে সংগঠনের মাটিগাড়া আঞ্চলিক শাখার বার্ষিক সাধারণ সভায় একাধিক শিক্ষা ও পেশাগত দাবিতে সরব হন শিক্ষক নেতৃত্ব।
সভায় কর্মরত শিক্ষকদের টেটের বাধ্যবাধকতা প্রত্যাহার, বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) প্রদান এবং শিক্ষকদের দিয়ে শিক্ষাবহির্ভূত কাজ করানো বন্ধের দাবি ওঠে। পাশাপাশি, উদ্বৃত্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে স্বচ্ছ ও বৈজ্ঞানিক নীতি প্রণয়নের দাবিও জানানো হয়।
সভায় সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন অমৃতেন্দু চ্যাটার্জি। উদ্বোধন করেন সংগঠনের জেলা সহ-সভাপতি কাজল দাস। সভাপতিত্ব করেন শ্যামল চন্দ্র রায়। বক্তব্য রাখেন জেলা সম্পাদক বিদ্যুৎ রাজগুরু, দীনেশ মণ্ডল ও সন্তোষ সামন্ত। উপস্থিত ছিলেন প্রবীণ নেতা অনিমেষ মুখার্জি-সহ অন্যান্য নেতৃত্ব।
বিদ্যালয়ের পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তাঁদের বক্তব্য, বিদ্যালয়কে রাজনৈতিক প্রচারের কেন্দ্র না করে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের জন্য ভয়মুক্ত, গণতান্ত্রিক ও সম্প্রীতিপূর্ণ পরিবেশ বজায় রাখা প্রয়োজন। শিক্ষার স্বাভাবিক পরিবেশ রক্ষায় বিভেদের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানায় এবিটিএ।