মন্দির বাজার, দক্ষিণ ২৪ পরগনা :লোকালয়ের কোলাহল পেরিয়ে এগোলেই আদি গঙ্গার পাড়ে ঘন জঙ্গল। তার পাশেই মহাশ্মশান। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নামতেই বদলে যায় গোটা পরিবেশ। চারপাশে নেমে আসে নিস্তব্ধতা। আর অমাবস্যার গভীর রাতে সেই নিস্তব্ধতার বুক চিরে ভেসে আসে মন্ত্রোচ্চারণের কথা। কোথাও পঞ্চমুণ্ডির আসন, কোথাও তন্ত্রসাধনার নানা বিধি, আবার কোথাও ডাকিনী-যোগিনীর আরাধনার লোকবিশ্বাস। এমনই এক রহস্যময় আবহকে বুকে নিয়ে আজও দাঁড়িয়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার দক্ষিণ বিষ্ণুপুরের মহাশ্মশানের কালীমন্দির।
এখানে কালীপুজো মানে শুধুই প্রদীপ, ধূপধুনো আর ফুলের অর্ঘ্য নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘদিনের তান্ত্রিক পরম্পরা, বংশপরম্পরায় চলে আসা পুজোর রীতি এবং অসংখ্য লোককথা। স্থানীয়দের মুখে মুখে ঘুরে বেড়ানো নানা কাহিনি এই মন্দিরকে দিয়েছে এক আলাদা পরিচিতি। শতবর্ষ পেরিয়ে গেলেও সেই ঐতিহ্যের টান আজও অমলিন।
কথিত আছে, একসময় এই মহাশ্মশান ছিল তন্ত্রসাধকদের অন্যতম সাধনক্ষেত্র। নির্জন শ্মশানে সাধনা করতে আসতেন বহু সন্ন্যাসী ও তান্ত্রিক। তান্ত্রিক মণিলাল চক্রবর্তী এই কালীপুজোর প্রচলন করেছিলেন বলে জানা যায়। লোকবিশ্বাস অনুযায়ী, ১০৮টি নরমুণ্ড নিয়ে তন্ত্রমতে শুরু হয়েছিল মায়ের আরাধনা। শ্মশানের খুলি দিয়ে মায়ের চালচিত্র সাজানোর কাহিনিও প্রচলিত রয়েছে। এমনকী গভীর রাতে শ্মশানজুড়ে অপঘাতে মৃতদের আত্মার বিচরণ নিয়েও নানা জনশ্রুতি শোনা যায়। যদিও এই কাহিনিগুলির স্বাধীন প্রমাণ নেই, তবুও স্থানীয় মানুষের বিশ্বাসে সেগুলি আজও জীবন্ত।তবে এই পুজোর মূল পর্ব সাধারণ মানুষের চোখের আড়ালেই সম্পন্ন হয়। নির্দিষ্ট সময়ে ভক্তদের প্রবেশের অনুমতি মিললেও তান্ত্রিক উপাসনার বিশেষ পর্ব চলে রুদ্ধদ্বারের ভিতরে। ফলে মন্দিরের ভিতরে কী কী আচার পালিত হয়, তা নিয়ে কৌতূহল থেকেই যায়।
মন্দিরের ভক্ত ধনঞ্জয় হালদারের কথায়, মা অত্যন্ত করুণাময়ী। তাঁর বিশ্বাস, মায়ের কাছে মন থেকে প্রার্থনা করলে ভক্তদের ইচ্ছা পূরণ হয়। সেই বিশ্বাসেই বহু দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই মন্দিরে। সময়ের সঙ্গে বদলেছে মন্দিরের চেহারা, বদলেছে চারপাশের পরিবেশ। কিন্তু বদলায়নি মানুষের বিশ্বাস কিংবা বংশপরম্পরায় চলে আসা পুজোর ঐতিহ্য। আদি গঙ্গার পাড়ের সেই মহাশ্মশান আজও সাক্ষী হয়ে রয়েছে এক দীর্ঘ সাধনাপরম্পরার। অমাবস্যার অন্ধকারে রহস্যের আবরণ আরও ঘন হয়, আর সেই রহস্যের টানেই দক্ষিণ বিষ্ণুপুরের শ্মশানকালীর দরবারে ভিড় জমান অসংখ্য ভক্ত। লোককথা, তন্ত্রসাধনা আর মাতৃভক্তির মেলবন্ধনে আজও স্বতন্ত্র পরিচয় ধরে রেখেছে এই শতাব্দীপ্রাচীন কালীপুজো।