মঙ্গলকোট,পূর্ব বর্ধমান: প্রশাসনিক ব্যস্ততাকে একপাশে সরিয়ে রেখে ভাইফোঁটার পারিবারিক আবহে গা ভাসালেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা আউশগ্রামের বিধায়ক কলিতা মাঝি। বুধবার ভ্রাতৃ দ্বিতীয়ার পুণ্যলগ্নে চিরাচরিত বাঙালি রীতি মেনে নিজের দাদার কপালে ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করলেন তিনি। পাশাপাশি বোনের দীর্ঘায়ু কামনায় বোনের কপালেও ফোঁটা দেন দাদা।
একসময়ের সাধারণ গৃহপরিচারিকা থেকে লড়াইয়ের পথ পেরিয়ে রাজ্যের প্রতিমন্ত্রীর দায়িত্বভার কাঁধে নেওয়া জীবন বদলে গেলেও বদলায়নি তাঁর শিকড়ের টান। মন্ত্রিত্বের গুরুদায়িত্ব পাওয়ার পর এটিই ছিল তাঁর প্রথম ভাইফোঁটা। স্বাভাবিকভাবেই এই বিশেষ দিনটিকে ঘিরে পরিবার ও গ্রামবাসীদের মধ্যে বাড়তি উন্মাদনা ও আবেগ চোখে পড়ে।
এদিন সকালে মঙ্গলকোট থানার দীর্ঘসোয়া গ্রামে নিজের বাপের বাড়িতে পৌঁছান মন্ত্রী। প্রদীপ প্রজ্জ্বলন, শঙ্খধ্বনি আর উলুধ্বনির পবিত্র আবহে ধান-দূর্বা ও চন্দনের ফোঁটা দিয়ে দাদাকে আশীর্বাদ করেন তিনি। উৎসবের আনন্দকে দ্বিগুণ করতে ঘরোয়া রান্নাবান্নার পাশাপাশি ছিল নানা স্বাদের মিষ্টির সমাহার।
মাটির কাছাকাছি থাকা নিজের এই সহজাত রূপটি তুলে ধরে মন্ত্রী বলেন, “মন্ত্রী বা বিধায়ক হওয়ার আগে আমি এক সাধারণ ঘরের মেয়ে, কারও আদরের বোন। যতই ব্যস্ততা থাকুক, পরিবারের এই পবিত্র উৎসব থেকে তো দূরে থাকা যায় না! দাদার দীর্ঘায়ু আর সবার মঙ্গল কামনাই আজকের দিনে আমার একমাত্র প্রার্থনা।”