দেবিকা দত্ত, শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সমিতির রজতজয়ন্তী বর্ষ সমাপ্তি অনুষ্ঠানে একই মঞ্চে হাজির কেন্দ্র ও রাজ্যের চার মন্ত্রী। ঘটনাচক্রে চার জনই এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। রবিবার বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-ভানু মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তনী সমিতির ২৫ বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচি হয়। মঞ্চ থেকে সমিতির একাধিক বইয়ের উদ্বোধন করেন উপস্থিত মন্ত্রীরা।
অনুষ্ঠান ঘিরে বিশ্ববিদ্যালয় চত্বরে ছিল উৎসবের আবহ। রজতজয়ন্তী বর্ষ সমাপ্তি উপলক্ষে প্রাক্তনীদের নিয়ে নানা স্মৃতিচারণের পাশাপাশি প্রকাশিত হয় একাধিক গ্রন্থ। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষকে এ দিন তাঁদের পুরনো বিভাগ উদ্ভিদবিদ্যায় সংবর্ধনা দেওয়া হয়। দু’জনেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের প্রাক্তনী। নিজেদের ছাত্রজীবনের বিভাগে ফিরে পুরনো দিনের স্মৃতিও ভাগ করে নেন তাঁরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং প্রতিমন্ত্রী আনন্দময় বর্মনও। চার মন্ত্রীকে একসঙ্গে পেয়ে প্রাক্তনী সমিতির অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ হয়।
এ দিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সমস্যা নিয়েও মুখ খোলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। উপাচার্য নিয়োগ-সহ একাধিক জটিলতা নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। সুকান্তের আশ্বাস, ‘‘কিছু দিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে।’’
প্রাক্তনী সমিতির ২৫ বছরের যাত্রাপথে পুরনো ছাত্রছাত্রীদের একত্রিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁদের সম্পর্ক আরও দৃঢ় করার উপরেও জোর দেওয়া হয়। একই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী চার মন্ত্রীকে এক মঞ্চে পাওয়ায় অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তনী ও বর্তমান পড়ুয়াদের মধ্যেও ছিল যথেষ্ট উৎসাহ।