শিলিগুড়ি: রেললাইন পারাপারের সময় সামনে চলে আসে ট্রেন। তবে বনকর্মীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ৭০টিরও বেশি হাতির একটি দল। সময়মতো ট্রেন থামিয়ে দেওয়ায় নিরাপদে রেললাইন পার হয়ে জঙ্গলে পৌঁছয় হাতির দলটি। শনিবারের এই ঘটনাকে ঘিরে বন দফতরের কর্মীদের তৎপরতার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির টুকুরিয়াঝাড় জঙ্গল থেকে বাগডোগরার জঙ্গলের দিকে যাচ্ছিল ৭০টিরও বেশি হাতির একটি দল। সেই সময় তাদের রেললাইন পারাপারের প্রয়োজন হয়। হাতির দলটি লাইন পার হওয়ার সময়ই ওই পথে চলে আসে একটি ট্রেন। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে দ্রুত পদক্ষেপ করেন কর্তব্যরত বনকর্মীরা।
দূর থেকে ট্রেনটিকে আসতে দেখে এক বনকর্মী লাল কাপড় দেখিয়ে চালককে সতর্ক করেন। তাঁর তৎপরতায় থেমে যায় ট্রেন। এরপর একে একে রেললাইন পার হয় হাতির দলটি। কোনও দুর্ঘটনা ছাড়াই হাতিগুলি জঙ্গলের দিকে চলে যাওয়ায় স্বস্তি ফেরে বনকর্মীদের মধ্যে।
শুধু রেললাইনেই নয়, জাতীয় সড়ক পারাপারের সময়ও বিশেষ সতর্কতা অবলম্বন করেন বন দফতরের কর্মীরা। হাতির দলটি যাতে নির্বিঘ্নে রাস্তা পার হতে পারে, সে জন্য দু’দিকের যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। রাস্তার দু’দিকে ব্যারিকেড দিয়ে যানবাহন আটকে রাখা হয়। এর ফলে হাতির দলটি নিরাপদে রাস্তা পার হয়ে জঙ্গলে প্রবেশ করে।
এ ছাড়াও হাতির দলের গতিবিধির উপর নজর রাখতে ড্রোনের সাহায্য নেওয়া হয় বন দফতরের তরফে। হাতিগুলি কোন পথে এগোচ্ছে, তা নজরে রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন বনকর্মীরা।
রেললাইন ও জাতীয় সড়ক পারাপারের মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বনকর্মীদের দ্রুত পদক্ষেপে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। হাতি ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এমন তৎপরতা গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।