Monday, November 2, 2026
উত্তরবঙ্গ

হায়দরাবাদ যাওয়ার পথে এনজেপিতে ধৃত পাঁচ বাংলাদেশি

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 21, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
হায়দরাবাদ যাওয়ার পথে এনজেপিতে ধৃত পাঁচ বাংলাদেশি

দেবিকা দত্ত, শিলিগুড়ি: বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে হায়দরাবাদ যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি (এনজেপি) রেল স্টেশনে ধরা পড়লেন পাঁচ বাংলাদেশি নাগরিক। ধৃতদের মধ্যে এক নাবালকও রয়েছে। সোমবার ডাউন বিবেক এক্সপ্রেস এনজেপি স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতেই গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করে রেল পুলিশ।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত পাঁচ জনের মধ্যে দু’জন পুরুষ, দু’জন মহিলা এবং এক জন নাবালক। তাঁদের নাম নূর মহম্মদ (৫৫), মীর কাশেম (৫৯), কাশমীন (১৯), মুকার রামা (১৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতেরা ভারতে প্রবেশের জন্য বৈধ পাসপোর্ট বা ভিসা না থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় প্রবেশের পর একাধিক ট্রেন বদলে এনজেপিতে পৌঁছেছিলেন ওই পাঁচ জন। সেখান থেকে ডাউন বিবেক এক্সপ্রেসে চেপে তাঁদের হায়দরাবাদ যাওয়ার পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি রেল পুলিশের সঙ্গে শিলিগুড়ি রেল পুলিশের বিশেষ অভিযানকারী দল এবং সাদা পোশাকের পুলিশ যৌথ ভাবে ট্রেনের সাধারণ কামরায় তল্লাশি চালায়। সেই সময় সন্দেহের ভিত্তিতে পাঁচ জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার মধ্যরাতে ধৃতদের আটক শিবিরে পাঠানোর ব্যবস্থা করা হয় বলে রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে। কী ভাবে তাঁরা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলেন, সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পিছনে কোনও দালাল বা আন্তর্জাতিক মানব পাচার চক্রের যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

— বিজ্ঞাপন —
Advertisement