পিউ নন্দী, পুরুলিয়া: ঝাড়খণ্ড থেকে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকছিল জাল লটারির টিকিট! পুরুলিয়ার নিতুড়িয়ায় পুলিশের অভিযানে সামনে এল এমনই এক বেআইনি কারবারের হদিস। সরবরী মোড় এলাকার একটি লটারির দোকানে আচমকা অভিযান চালিয়ে এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে নিতুড়িয়া থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে রয়েছেন ওই লটারির দোকানের মালিক। তদন্তে উঠে এসেছে, ভামুরিয়ার বাসিন্দা রাজীব বাউরী নামে এক ব্যক্তির কাছ থেকে নিয়মিত জাল লটারির টিকিট সংগ্রহ করতেন দোকান মালিক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে এই জাল টিকিটগুলি সীমান্ত পেরিয়ে পুরুলিয়া-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছিল।
কীভাবে এই বেআইনি কারবারের জাল বিস্তার করেছিল, তার সন্ধানে নেমেছেন তদন্তকারীরা। শুধু সরবরী মোড়ের ওই দোকানেই এই কারবার সীমাবদ্ধ ছিল, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনও চক্র, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই কারবারের সঙ্গে আর কারা যুক্ত, কোথা থেকে জাল টিকিট ছাপানো বা সংগ্রহ করা হচ্ছিল এবং কোন পথে সেগুলি বাজারে পৌঁছত, সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আন্তঃরাজ্য চক্রের অন্যান্য সদস্যদের নাগাল পাওয়ার চেষ্টা চলছে।