সুমন সাহা:বারুইপুর: বারুইপুর কাছারি বাজারে ব্যবসায়ী সমিতির বিল্ডিংয়ের সামনে একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মারে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আগুনের তীব্রতায় ট্রান্সফর্মারের পাশে থাকা বেশ কয়েকটি অস্থায়ী দোকান পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রান্সফর্মারে আগুন লাগার পর দ্রুত তা আশপাশের অস্থায়ী দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকলেও দমকলের গাড়ি ঘটনাস্থলে না পৌঁছনোয় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। জরুরি পরিস্থিতিতে দমকলের পরিষেবা পেতে দেরি হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন স্থানীয় দোকানদাররাই। তাঁদের কাছে থাকা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তাঁরা। দোকানদারদের তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বারুইপুর থানার পুলিশকর্মীরা। কীভাবে ট্রান্সফর্মারে আগুন লাগল এবং এই ঘটনায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
ব্যস্ত কাচারি বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি পরিষেবার ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আগুনে ক্ষতিগ্রস্ত দোকানদারদের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ জানা এখন গুরুত্বপূর্ণ।