বীণা নন্দী দাস,পশ্চিম মেদিনীপুর : বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা, দাঁতন-সহ জেলার একাধিক জায়গায়। মঙ্গলবার দুপুর থেকে ঝোড়ো হাওয়ার দাপট এবং মুষলধারে বৃষ্টি কারণে জেলার বিভিন্ন জায়গায় একাধিক গাছ ভেঙে পড়ে। এর কারণে ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার।
স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুরে আচমকাই ঝোড়ো হাওয়া শুরু হয়। কিছু সময়ের মধ্যে এই হাওয়ার দাপটে জেলার বেলদা দাঁতন সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। বেলদা দাঁতন এলাকায় বহু গাছ ভেঙে পড়ায় সাধারণ মানুষের রাস্তায় চলাচলে সমস্যা তৈরি হয়। এর পাশাপাশি একাধিক জায়গাতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়।
আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী এদিন ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, তার সঙ্গে বজ্রপাত হতে পারে। এছাড়াও আগামী ২৮ এবং ২৯ অক্টোবর বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। শুধু তাই নয় পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতেও মাঝারি থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে।
ইতিমধ্যেই প্রশাসনের তরফে একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি ঝড়ের দাপটে কোথায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও তা এখনও স্পষ্ট নয়। তবে সমস্ত পরিস্থিতির উপর নজর রয়েছে স্থানীয় প্রশাসন থেকে জেলা প্রশাসন এর।