শিলিগুড়ি:অনলাইন প্রতারণার অভিযোগের তদন্তে নেমে দুই জনকে গ্রেফতার করল শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে ধৃতদের সঙ্গে অনলাইন প্রতারণার কার্যকলাপ পরিচালনা ও নিয়ন্ত্রণের যোগসূত্র থাকার তথ্য মিলেছে বলে দাবি। তদন্তে পাওয়া বিভিন্ন সূত্রের ভিত্তিতেই তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ধৃতদের নাম আহসান হাবিব (৩৪) এবং মৌসুমি কবিরাজ সরকার (৩৪)। আহসান শিলিগুড়ি থানার ৪ নম্বর ওয়ার্ডের আদর্শনগর কলোনির বাসিন্দা। অন্য দিকে, মৌসুমি জলপাইগুড়ির কোতোয়ালি থানার কচুয়া গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে খবর, তদন্তে দু’জনের সঙ্গে যুক্ত পৃথক দু’টি ঘটনায় বিপুল অঙ্কের সন্দেহজনক লেনদেনের তথ্য সামনে এসেছে। আহসানের সঙ্গে যুক্ত একটি ঘটনায় ৪৪ লক্ষ ২৬ হাজার ৭০৫ টাকা এবং মৌসুমির সঙ্গে যুক্ত অন্য একটি ঘটনায় ১ কোটি ২৪ লক্ষ ৫২ হাজার ৯১৮ টাকার লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি পুলিশের। সব মিলিয়ে দু’টি ঘটনায় ১ কোটি ৬৮ লক্ষ ৭৯ হাজার ৬২৩ টাকার সন্দেহজনক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারীদের নজরে রয়েছে, ওই টাকা কোথা থেকে এসেছিল এবং কোন কোন অ্যাকাউন্টের মাধ্যমে তা লেনদেন করা হয়েছিল। অনলাইন প্রতারণার এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে সাইবার থানার পুলিশ।
ধৃত দু’জনকে জিজ্ঞাসাবাদ করে প্রতারণার টাকা কী ভাবে সংগ্রহ, স্থানান্তর এবং পরিচালনা করা হত, সেই সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি, এই ঘটনায় আরও কারও যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।