অনন্যা দে, কোচবিহার, ২৮ অক্টোবর: গভীর রাতে পরপর পাঁচ রাউন্ড গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল কোচবিহার-২ ব্লকের পুন্ডিবাড়ি থানার অন্তর্গত ইস্ট খাগড়াবাড়ির সারদা নগর এলাকায়। মঙ্গলবার গভীর রাতে গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে পরপর পাঁচ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থলের রাস্তায় গুলির খোসা পড়ে থাকতে দেখা যায়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুন্ডিবাড়ি থানার পুলিশ। গুলির খোসা উদ্ধার-সহ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। কারা এবং কী উদ্দেশ্যে গুলি চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। জনবসতিপূর্ণ এলাকায় গভীর রাতে এই ধরনের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে।